২৪ আগস্ট ২০২৫, রবিবার | জনতার কণ্ঠস্বর ডেস্ক
মাগুরায় এক আওয়ামী লীগ নেতা বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি নির্বাচিত
মাগুরা: মাগুরা পৌরসভার ১নং ওয়ার্ডে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে মো: আরব আলী নামের এক ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়েছে।
মো: আরব আলী আগে মাগুরা পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি নিয়ে জেলার বিভিন্ন স্থানে নানা আলোচনা চলছে এবং জনগণের মধ্যে জল্পনা সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: আলমগীর হোসেন জানান, “সে যে আওয়ামী লীগের কোন পদে ছিলো, তা আমরা জানি না। নির্বাচন হয়েছে, সে নির্বাচিত হয়েছে এবং এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।”
অপর যুগ্ম আহ্বায়ক এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি দেখেছি। জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছেন। তদন্ত চলছে।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে এমন ধরনের অস্বাভাবিক ঘটনা রাজনৈতিক সমীকরণে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।