নড়াগাতীতে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর করুণ মৃত্যু
নড়াইল | ২২ জুলাই ২০২৫
নড়াইল জেলার নড়াগাতী থানার উত্তর ডুমুরিয়া গ্রামে আজ মঙ্গলবার দুপুরে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে ৮ বছর বয়সী এক শিশুর। নিহতের নাম আমেনা খানম, পিতা—আল আমিন মুন্সী। সে ছিলো পরিবারের একমাত্র সন্তান।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল আমেনা। একপর্যায়ে নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে না পেয়ে আশেপাশে খোঁজ নিতে থাকেন। কিছু সময় পর প্রতিবেশীরা বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার মেয়ে দুপুরে খেলার ছলে বাইরে যায়। একটু পরেই আর খুঁজে পাই না। ভাবিনি এমন কিছু হবে আমাদের সঙ্গে...।”
শিশুটির মৃত্যুতে উত্তর ডুমুরিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা সবাই এই মর্মান্তিক ঘটনায় হতবাক ও শোকাহত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান,
“আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলেছি। এটা নিঃসন্দেহে একটি দুঃখজনক দুর্ঘটনা।”
প্রতিদিন এমন অসতর্ক মুহূর্তে শিশুর প্রাণহানি নতুন নয়। বিশেষজ্ঞরা শিশুদের খেলাধুলার সময় পর্যবেক্ষণের আহ্বান জানিয়ে থাকেন।
— দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা