ধামরাইয়ে ডাচ-বাংলা ব্যাংক থেকে উত্তোলনের পর ৮ লাখ টাকা ছিনতাই
বিশেষ প্রতিনিধি | ক্রাইম রিপোর্টার সুব্রত দাস, সমগ্র বাংলাদেশঃ
ঢাকার ধামরাই উপজেলায় দিনের আলোয় প্রকাশ্যে সংঘটিত একটি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সোমবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে ডাচ-বাংলা ব্যাংক থেকে ৮ লাখ টাকা উত্তোলনের পর কামাল সরদার নামের এক ইটভাটা মালিক ছিনতাইয়ের শিকার হন।
ভুক্তভোগী কামাল সরদার "সিকু ব্রিকস" নামের একটি ইটভাটার মালিক। তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ধামরাই উপজেলার শ্রীরামপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গতিরোধ করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে তার সঙ্গে থাকা ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে ধামরাই থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ছিনতাইকারীরা পেশাদার চক্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
এই ঘটনাকে কেন্দ্র করে কালামপুর ও আশেপাশের এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলনের পর গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।
আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনায় দায়ীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দিলেও, সাধারণ জনগণের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে।
প্রকাশ্য দিবালোকে এমন ঘটনাগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ছিনতাইকারীরা কাজ করছে—এটি স্পষ্ট। এ অবস্থায় ব্যাংক গ্রাহকদের সতর্কতার পাশাপাশি প্রশাসনের নজরদারি ও দ্রুত পদক্ষেপ একান্ত জরুরি।