রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমিজমা নিয়ে সংঘর্ষের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এজহারভুক্ত আরও দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলার সাত আসামির সবাই গ্রেফতার হলো বলে নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
গত ২৪ জুলাই ২০২৫ তারিখে রৌমারী থানার অন্তর্গত ভেন্দুরচর ইউনিয়নের একটি প্রত্যন্ত চরাঞ্চলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। ঘটনার পরপরই পুলিশ সুপার কুড়িগ্রামের নির্দেশে রৌমারী থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে প্রথম দফায় পাঁচজন আসামিকে গ্রেফতার করে।
এরই ধারাবাহিকতায় গত ২৮ জুলাই রাতে রৌমারী থানা পুলিশের একটি বিশেষ অভিযান দল গাজীপুর জেলার শফিপুর এলাকা থেকে মামলার এজহারভুক্ত দুই আসামি ধলু মিয়া ও দুলালকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র এবং ডিবির অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান বলেন,
“হত্যা মামলার এজহারভুক্ত সাত আসামিকেই গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে এবং চার্জশিট দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, পুলিশ প্রশাসনের এমন দ্রুত ও সফল অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুড়িগ্রাম জেলা পুলিশ সবসময় সতর্ক এবং সচেষ্ট রয়েছে।