বিশ্বজিৎ চন্দ্র সরকার | জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ কাচারীপাড়া এলাকার মধুমতি নদীর সাজেমের ঘাট থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, নদীর পাড়ে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে তারা তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ সদর থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
গোপালগঞ্জ সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরনে কোনো শনাক্তযোগ্য ডকুমেন্ট বা বস্তু পাওয়া যায়নি। মরদেহটি ৩৫ থেকে ৪৫ বছর বয়সী কোনো পুরুষের বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। লাশের পরিচয় শনাক্তে আশেপাশের থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল উভয়ই লক্ষ্য করা গেছে।