দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
তারিখ: অক্টোবর ১১, ২০২৫
স্লোগান: জনতার কণ্ঠস্বর
মোঃ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা শাখা।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার মুন্সির ঘাটা চত্বরে হেফাজতের উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা মুফতি ইব্রাহিম নূর এর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা হারুন রশিদ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন—সহসভাপতি মাওলানা ইবরাহিম রহীমি, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, বাণিজ্য সম্পাদক মাওলানা সাইফুল্লাহ, সাহিত্য সম্পাদক মাওলানা রায়হান, দাওয়াহ সম্পাদক মাওলানা শুআইব আরবনগরী, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী, মাওলানা ইউনুস রহীমি, মুহাম্মদ মিজান, মুহাম্মদ আরিফ ও মাস্টার সোহাইল প্রমুখ।
বক্তারা বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের প্রকাশ্য কোরআন অবমাননার ঘটনায় দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা বলেন, “এ ঘটনা শুধু ধর্মীয় অনুভূতির অবমাননা নয়, এটি রাষ্ট্রীয় মূল্যবোধ ও সামাজিক স্থিতিশীলতার জন্যও হুমকি।”
রাউজান উপজেলা হেফাজতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা হারুন রশিদ তাঁর বক্তব্যে বলেন, “আমরা ধর্মীয় অনুভূতির প্রতি আঘাত মেনে নিতে পারি না। তবে সহিংসতা নয়—সচেতনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদই আমাদের পথ।”
বক্তারা আরও বলেন, অপূর্ব পাল সচেতনভাবে পবিত্র কোরআনের অবমাননা করেছেন এবং সেটি নিজের সামাজিক মাধ্যমে প্রচার করে অপরাধটিকে আরও গুরুতর করেছেন। তাঁরা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের প্রতি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন নিন্দনীয় কাজের সাহস না পায়।”
উল্লেখ্য, গত ৪ অক্টোবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালের কোরআন অবমাননার ভিডিও। পরে ব্যাপক সমালোচনার মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্তের পর তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে।
প্রকাশনা: দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
স্লোগান: জনতার কণ্ঠস্বর