
কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে জেলের আত্মহত্যা
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম —
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নুর ইসলাম (৩৫) নামে এক জেলে। বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকায় নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।
নুর ইসলাম পেশায় একজন মাছ শিকারি ছিলেন এবং তিনি মৃত সোরাপ ব্যাপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ঘরে ঢুকে নুর ইসলামের ছোট ছেলে বাবাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।"
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “ঘটনাটি ইউডি (আকস্মিক মৃত্যু) মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আত্মহত্যার কারণ জানতে তদন্ত চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
পরিবারের কেউ বা স্থানীয়রা এখনও আত্মহত্যার কোনো নির্দিষ্ট কারণ জানাতে পারেননি। তবে মানসিক বা আর্থিক সংকট সংশ্লিষ্ট কোনো বিষয় রয়েছে কি না, সেটি খতিয়ে দেখছে পুলিশ।