জনতার কণ্ঠস্বর ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি তার অফিসিয়াল ফেসবুক একাউন্টে প্রদত্ত শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদে মিলাদুন্নবী এমন এক দিন, যেদিন মানবতার মুক্তির দিশারী, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) দুনিয়াতে আগমন করেন। এই দিনটি মর্যাদাবান, গুরুত্ববহ এবং আনন্দের। মহানবী (সঃ) আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় উপহার, যিনি সারা বিশ্বের জন্য রহমতস্বরূপ।”
বার্তায় তিনি উল্লেখ করেন, রাসুল (সঃ)-এর আবির্ভাব মানবজাতিকে মুক্তির পথ দেখিয়েছে। তিনি কোরআনের শিক্ষা দিয়ে অন্যায়-অবিচার, কুসংস্কার, বৈষম্য ও নিপীড়নের অন্ধকার থেকে মানবজাতিকে আলোর পথে পরিচালিত করেছেন। ন্যায়, সততা, ধৈর্য, সহনশীলতা, সাহস, আল্লাহর প্রতি গভীর বিশ্বাস এবং মানবসেবার মধ্য দিয়ে তিনি সারা দুনিয়ায় সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন।
তারেক রহমান আরো বলেন, “রাসুল (সঃ)-এর আদর্শ আমাদেরকে ন্যায়, ইনসাফ, দয়া, ক্ষমা, নারী-পুরুষের মর্যাদা রক্ষা এবং সমাজে অবহেলিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব। আসুন, আমরা সবাই তাঁর শিক্ষা ও আদর্শকে জীবনে প্রতিফলিত করি।”
তিনি মহানবী (সঃ)-এর প্রতি অগণিত দরুদ ও সালাম প্রেরণ করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যেন মুসলিম উম্মাহ তাঁর ত্যাগ ও শিক্ষার আলোয় জীবন পরিচালনা করতে পারে।
বার্তার শেষে তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে বলেন, “আমি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”
বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
www.bangladeshprothomsangbad.com